অষ্টম বিশ্বকাপের আসর ছিল সেটি। প্রথমবারের মতো সেবার বিশ্বকাপ আয়োজন করেছিল আফ্রিকা। ফাইনালে সৌরভ গাঙ্গুলীর ভারতকে বিধ্বস্ত করে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলেছিল অস্ট্রেলিয়া। ২০০৩ সালে অনুষ্ঠিত ওই বিশ্বকাপে সেরা পারফরম্যান্স নিয়ে এই লেখা।বন্ডের ২৩ রানে ৬: সুপার সিক্সের লড়াইয়ের পঞ্চম ম্যাচ ছিল সেটি। প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্টের দুর্দান্ত পারফরম্যান্সে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন বলা চলে অভেদ্য। অনেকটা ইস্পাতসম ব্যাটিং লাইনআপকেই একেবারে ঝাঁঝরা করে দিয়েছিলেন শেন বন্ড। মাত্র ২৩ রান খরচায় ছয়টি উইকেট শিকার করে অস্ট্রেলিয়াকে ২০৮ রানে গুটিয়ে দিয়েছিলেন নিউজিল্যান্ডের এই ফাস্ট বোলার।সাইমন্ডসের অপরাজিত ১৪৩: বিশ্ব চ্যাম্পিয়নদের আগমনী বার্তা ঘোষণা। অ্যান্ড্রু সাইমন্ডস যেন তাঁর ব্যাট দিয়েই ঘোষণা দিতে চেয়েছিলেন, ‘এবারও বিশ্বকাপ নিয়েই ফিরব আমরা।’ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে ৩১০ রানের বিশাল সংগ্রহ গড়ে অস্ট্রেলিয়া। আর এর কারিগর ছিলেন সাইমন্ডস। পাকিস্তানি বোলারদের হতাশার সাগরে ডুবিয়ে ১৪৩ রানে অপরাজিত ছিলেন এই বিধ্বংসী ব্যাটসম্যান।নেহরার ২৩ রানে ৬: লক্ষ্যটা খুব বেশি ছিল না ইংল্যান্ডের, ২৫১ রান। কিন্তু ইংলিশদের যেন পেয়ে বসেছিলেন আশিষ নেহরা। তাঁর বিষেই নীল হয়ে ইংল্যান্ডকে গুটিয়ে যেতে হয়েছিল মাত্র ১৬৮ রানে। গ্রুপ পর্বের এই খেলায় প্রতিপক্ষকে ২৩ রান দেন নেহরা, বিনিময়ে নেন ৬টি উইকেট!টেন্ডুলকারের ৯৮: প্রতিপক্ষ চীরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। একটু আগে সেঞ্চুরি হাঁকিয়ে দলকে ২৭৩ রানের চ্যালেঞ্জিং স্কোর এনে দিয়েছেন সাঈদ আনোয়ার। এমন পরিস্থিতিতে শচীন টেন্ডুলকারকে ঠেকিয়ে রাখে কে! সত্যি বলতে, সাঈদ আনোয়ারের সঙ্গে পাল্লা দিয়েই যেন খেলেছেন শচীন। খেলেন ৯৮ রানের এক অসাধারণ ইনিংস। দুই রানের দুঃখ নিয়ে ফিরলেও বড় প্রাপ্তিটা কিন্তু ঠিকই পেয়েছেন এই লিটল মাস্টার। তাঁর এই ইনিংসের ওপর ভর করেই গ্রুপ পর্বের ওই ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটে হারায় ভারত। তা-ও আবার চার ওভার দুই বল হাতে রেখেই!পন্টিংয়ের অপরাজিত ১৪০: শিরোপা নির্ধারণী ম্যাচে শিরোপা নিশ্চিত করতে ওই একটা ইনিংসই যথেষ্ট ছিল। অধিনায়ক রিকি পন্টিংয়ের অপরাজিত ১৪০ রানের সুবাদে ৩৫৯ রানের পাহাড়সম ইনিংস দাঁড় করায় অস্ট্রেলিয়া। পুরো ৫০ ওভারে ভারতীয় বোলাররা কয়টি উইকেট শিকার করতে পেরেছিলেন জানেন? মাত্র দুটি! ৩৬০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে গিয়ে ভারতীয় দল অলআউট হয় ২৩৪ রানে। ফল: টানা দ্বিতীয় শিরোপা অস্ট্রেলিয়ার।